বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় লাইটার জাহাজের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ জেলের সন্ধান গত দুদিনেও মেলেনি। এ ঘটনায় উদ্ধার হওয়া ৯ জেলেকে নৌবাহিনী মঙ্গলবার মোংলায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে। নিখোঁজ জেলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় সাগরে ডুবে যাওয়া ফিসিং ট্রলার এফবি স্বাধীন-৩’র নিখোঁজ ৩ জেলে হচ্ছে বাবুল (৫০), আঃ খালেক (৫৫), ও দিপু (৩০)। এদের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঠালতলী এলাকায় এবং ট্রলার মালিক ওই এলাকার মোস্তফা বলে জানা গেছে।
বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মেঘনা উদ্ধারকৃত ৯ জেলেকে মঙ্গলবার দুপুরে মোংলা নৌঘাটিতে নিয়ে আসে। ওই জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়জুল ইসলাম কাঠালতলী ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের কাছে উদ্ধারকৃত জেলেদের হস্তান্তর করেন। জেলেরা হচ্ছে, মোঃ আবু হানিফ (৪০), আবুল কালাম (৪২), জাকির হোসেন (৪০), সুজন (২৮), রুবেল (২৮), মুছা (২২), জাকারিয়া (১৬), কবীর (৪২), ও মনির (২০)। ফিসিং ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ জেলের সন্ধানে নৌবাহিনীর ৩ টি জাহাজ সাগরে অভিযান চালাচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর।
উল্লেখ্য, সোমবার ভোর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছধরারত ফিসিং ট্রলার এফবি স্বাধীন-৩ কে মংলাগামী নাসির জাহান নামে একটি লাইটারেজ জাহাজ ধাক্কা দেয়। জাহাজের ধাক্কায় ফিসিং ট্রলারটি ১২ জেলেসহ সাগরে ডুবে যায়। ট্রলার ডুবে যাওয়ার সংকেত পেয়ে সাগরে কাছাকাছি থাকা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ তুরাগ তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে নয় জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।
ইত্তেফাক/নূহু
