বন্দরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৪
নারায়ণগঞ্জ জেলার বন্দরের সোনাচড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইব্রাহিম নামের ১ ডাকাত নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় সোনাচড়া রামনগড় এলাকার পাকা রাস্তার পূর্ব পাশে মহিউদ্দিনের খালি ভিটায় বসে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে পুলিশের ৩ সদস্য এস আই সাইদুল, এএস আই ইলিয়াছ খান ও কনস্টেবল হারুন আহত হন।
 
বন্দর থানার অফিসার ইনচার্জ শাহীন মন্ডল জানান, ১০/১২ জনের একটি ডাকাত দল বন্দরের সোনাচড়া রামনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে বন্দর থানার এসআই সাইদুর রহমান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রূপগঞ্জ উপজেলার বোটালিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে কুখ্যাত ডাকাত ইব্রাহিমকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ৩টি ককটেল ও ধাড়ালো ছুরি উদ্ধার করা হয়।
 
আহত এসআই সাইদুর রহমান জানান, আমি, এএসআই ইলিয়াসসহ কয়েকজন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছার পর ডাকাতরা আমাদের ওপর হামলা করে। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যাই। গুলিবিদ্ধ ডাকাতকে হাসপাতালে নেয়ার সময় সে এসআই আলীমের কাছে তার নাম-ঠিকানা প্রকাশ করে।
 
ইত্তেফাক/নূহু