টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১৪২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাগবাড়ী এলাকায় দুটি দোকান থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন উপজেলা খাদ্য কর্মকর্তা।
কালিহাতী থানার প্রধান কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের লষ্করপুর বাজারে দুটি দোকানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাজারের ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য লাবু মিয়া ও শাহজাহানের দোকান থেকে ১৪২ চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে দোকান মালিক পলাতক রয়েছে।
ওসি আরো জানান, মঙ্গলবার সন্ধ্যায় কালিহাতী উপজেলা খাদ্য কর্মকর্তা লতিফুর রহমান বাদী হয়ে দুই দোকানদারসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। চাল সরবারহের ডিলার ইয়াসিন আলীকে আসামি করা হয়নি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
