রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে নার্সদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বুধবার সকাল সাড়ে ৮টা থেকে হাসপাতালে কর্মবিরতি শুরু করে নার্সরা। পরে পুলিশ রোগীর মা ও এক বন্ধুকে আটক করেছে। তবে পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেনি।
জানা গেছে, রামেক হাসপাতালের ৮নং ওয়ার্ডে এক রোগীর চিকিৎসা অবহেলার অভিযোগ এনে রোগীর স্বজনরা নার্সদের কাছে ভালো চিকিৎসার দাবি জানায়। এ সময় কর্তব্যরত নার্সরা জানায় এখানকার চিকিৎসা পছন্দ না হলে রোগীকে বাইরে যেতে হবে। তখন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় রোগীর লোকজন শেরশাহ নামের একজন নার্সকে মারধর করে। খবর পেয়ে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা গিয়ে রোগীর মা ও এক বন্ধুকে আটক করে বক্সে নিয়ে যায়।
এ ঘটনার পর থেকে নার্সরা কাজ বাদ দিয়ে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। তারা পরিচালকের কাছে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে সেখানে অবস্থান নেয়। পরে পরিচালকের আশ্বাসে তারা কাজে যোগদান করেন।
এ তথ্য নিশ্চিত করে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিক বলেন, সাময়িক রোগীর মা ও এক বন্ধুকে আটক করে পুলিশ বক্সে রাখা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
