চট্টগ্রাম অফিস
ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কাজে উত্সাহ দেওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান করতে মহানগরীর পেনিনসুলার ডালিয়া হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘ঈদ এক্সট্রাভ্যাগেনজা’ শীর্ষক মেলা। মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীন আখতার। এবারের মেলায় দুবাইয়ের ১টি, ঢাকার ৬টিসহ মোট ৪৭টি স্টল থাকবে নারীদের পণ্যসামগ্রী নিয়ে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজকরা এসব তথ্য জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেকআপ শেকআপ-এর স্বত্বাধিকারী জুহি চৌধুরী।
তিনি বলেন, ক্ষুদ্র নারী ব্যবসায়ী এবং অনলাইনভিত্তিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নারী উদ্যোক্তাদের উত্সাহ দেওয়ার পাশাপাশি তাদের বাণিজ্যিকভাবে লাভবান করতেই তিন দিনের ঈদ এক্সট্রাভ্যাগেনজার আয়োজন করা হচ্ছে। এতে নারী ও শিশুদের বর্ণিল পোশাক প্রদর্শনী, লাইফ স্টাইলের ভিন্ন ভিন্ন সব আনন্দ ও সেবামূলক আয়োজন থাকবে। এ ছাড়া থাকবে ফ্যাশন শোর মাধ্যমে ঈদের পোশাক প্রদর্শনী। প্রতিদিন ফ্রি মেহেদি উত্সব, ফ্রি ফুড ভাউচার, স্টাইলিং, ফটোবুথে ফ্রি ফটোশ্যুট, নারীদের ফিটনেস কনসালটেন্সি, ফিটনেস জিমে ডিসকাউন্ট অফার, র্যাফেল ড্রসহ নানা আয়োজন থাকবে তিন দিনের মেলায়। মেলায় কোনো প্রবেশ ফি নেই।
