খুলনায় ই-কমার্স ডাক মেলায় ব্যবসায়ের নতুন দ্বার উন্মোচন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০০:৫১

মোবাইলে অ্যাপ ডাউনলোড করেই এক লিটার তেল পাওয়া যাবে, এখনো বিশ্বাস হচ্ছে না- বলছিলেন, নগরীর প্রধান ডাকঘরে (বয়রা) অনুষ্ঠিত জাতীয় ই-কমার্স মেলায় আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রাশেদ রায়হান। একটু ঢোক গিলে আরো বললেন, আরে সকাল সকাল এসে ভালোই হইছে। আমার ডায়াবেটিস সুগারও মেপে দিয়েছে। উসখুস করতে থাকা রাশেদ রায়হানের সঙ্গী নাতি জেলা স্কুল শিক্ষার্থী রাকিব রায়হান হাতে একটি কাগজ দেখিয়ে জানাল, আমিও একটি গিফট ভাউচার পাইছি। 

শহর-গ্রাম-নগরের দূরত্ব ঘুচে দেওয়ার অভিপ্রায়ে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের পর শনিবার সকালে দেশের দ্বিতীয় বন্দর নগরী খুলনায় প্রথমবারের মতো নোঙর করে জাতীয় ই-কমার্স মেলা। 

মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ডাক বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, ই-ক্যাব সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ তমাল, খুলনা জিপিও এর পরিচালক আবু তালেব ও মেলার আহ্বায়ক আসিফ আহনাফ এবং সঞ্চালক জাহাঙ্গীর আলম শোভন । 

 মেলা প্রাঙ্গণে শুরু থেকেই দর্শনার্থীদের ফ্রি ডায়াবেটিস চেকআপ ব্যবস্থা করা হয়। এর ফলে তরুণদের পাশাপাশি বয়সীরাও লাইন ধরে হাজির হন মেলা প্রাঙ্গণ বয়রায়। 

 অ্যাপ ডাউনলোড করে ১০০ টাকার শপিং ভাউচার এবং খুলনার মধ্যে ফ্রি হোম ডেলিভারি সুবিধা নিতে ঘরের কাজ চুকিয়ে দুপুরের দিকে অনেক গৃহিণীকেই দেখা যায়, প্রিয়শপ স্টলের সামনে জটলা করতে। অনেক মহিলাকেই দেখা গেছে,  সোনার নাকফুল জিততে লেইসফিতা.কম স্টলে। ১০ হাজার  টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট সুবিধা নিতে সিঙ্গারের স্টল থেকে সেলাইমেশিন, ফ্যান কিনতেও দেখা গেছে অনেককে। 

 প্রতি ঘণ্টায় ২টি করে বই উপহার ও ৩০% মূল্য ছাড় সুবিধা পেতে দিনভর রকমারি.কম এর স্টলে ছিল স্কুল-কলেজ পড়ুয়াদের ভিড় । আবার ২০% ছাড়ে ‘খাস ফুড’ থেকে খাবার কিনতেও দেখা গেছে কাউকে কাউকে।  এছাড়াও ওয়ান টাইম ওটিসি চার্জে ৫০% ছাড় দেয় এসএসএল কমার্স। ডোমেইন ও হোস্টিংয়ে ৫’শ এমবি থেকে ২জিবি এবং ইজিয়ার অ্যাপে ৫শ’ থেকে ২ হাজার  টাকা ছাড় দেয় রেজিস্ট্রো। গ্রাফিক্স নকশা, ওয়েব তৈরির ফ্রি প্রশিক্ষণ দেয় ক্রিয়েটিভ আইটি। 

এভাবেই দিনব্যাপী স্থায়ী মেলাটি কেবল নগরীর প্রযুক্তি প্রেমী তরুণই নন, ভিড় জমান প্রযুক্তির সঙ্গে খুব একটা সংযোগ নেই এমন বয়সী মানুষও। মেলার নানা আয়োজন উত্সুক দর্শনার্থীদের সামনে খুলে দিয়েছে ডিজিটাল বাংলার নতুন রূপ। 

সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণের ২টি প্যাভিলিয়ন ও ৩টি মিনি প্যাভিলিয়নসহ ৩১ স্টলে দর্শনার্থীদের সমাগমে মুখরিত ছিল।  উদ্যোক্তা আর বিনিয়োগকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ছিল মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারও।  

অনলাইন বা ই শপে পণ্য সেবা প্রদর্শনের পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে এই সময়ের গ্লোবাল ভিলেজের ব্যবসায়ের ডিজিটাল রূপান্তরে আমাদের প্রস্তুতির বিষয়ে নানা দিক- নির্দেশনা উঠে আসে সেমিনারে অংশগ্রহণকারী বক্তাদের কণ্ঠে। 

সকাল সাড়ে ১১টায় হবে ‘গ্রামীণ উদ্যোক্তাদের উন্নয়নে ই-কমার্স’,  ‘নারী উদ্যোক্তাদের ই- কমার্স সেবায় তথ্যআপা’  দুপুর ১২:০০ টায় এবং বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ‘প্রফেশনাল আইটি স্কীলড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার।  এটুআই-এর আয়োজনে সাড়ে ১১টায় ‘গ্রামীণ উদ্যোক্তাদের উন্নয়নে ই-কমার্স’ সেমিনারে প্রধান আলোচক ছিলেন- শাহরিয়ার হাসান জিসান, জাতীয় পরামর্শদাতা, ই-কমার্স, ডিজিটাল অ্যাক্সেস টিম, এটুআই ।