সুজানগরে মত্স্য অভয়াশ্রম থেকে মাছ শিকার

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:০৫

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলের বিভিন্ন মত্স্য অভয়াশ্রম থেকে অবাধে মাছ শিকার করা হচ্ছে। বিলপাড়ের একশ্রেণির অসাধু মত্স্যজীবী এবং মত্স্য শিকারিরা ওই মাছ শিকার করছেন। জানা যায়, বিশাল ওই বিলের বাদাইসহ বিভিন্ন এলাকায় ৬টি মত্স্য অভয়াশ্রম রয়েছে। গত ১০/১২ বছর আগে সরকারিভাবে ওই মত্স্য অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হয়। প্রত্যেক বছর বর্ষার পানি কমে যাওয়া মাত্র রুই, কাতলা, মৃগেল এবং বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ওই অভয়াশ্রমে আশ্রয় নেয়। এ সব মাছের মধ্যে প্রাকৃতিকভাবে উত্পাদিত মাছের পাশাপাশি বিলে সরকারিভাবে অবমুক্ত করা লাখ লাখ টাকার মাছ রয়েছে। সরকারি নিয়মানুযায়ী মত্স্য অভয়াশ্রমে আশ্রয় নেওয়া মা মাছসহ যেকোনো ধরনের মাছ ধরা নিষেধ। বিলপাড়ের একশ্রেণির অসাধু মত্স্যজীবী এবং মত্স্য শিকারি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাদাই মত্স্য অভয়াশ্রমসহ অন্যান্য মত্স্য অভয়াশ্রম থেকে মা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছে।

উপজেলা মত্স্য অফিসার আতিয়ার রহমান বলেন, নিষিদ্ধ মত্স্য অভয়াশ্রম থেকে মাছ শিকার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।