সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:০৫

চাঁদপুর-২ আসনে ষষ্ঠবারের মতো

নৌকা প্রতীক পেলেন মায়া চৌধুরী

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা  চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ষষ্ঠবারের মতো আওয়ামী লীগের নৌকা প্রতীক পেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ এবং সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে নৌকা প্রতীক উপহার দেন। মায়া চৌধুরীর মনোনয়ন পাওয়ার ব্যাপারে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ বলেন, আমাদের নেতাকে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ষষ্ঠবারের মতো মূল্যায়ন করায় আমরা তার কাছে কৃতজ্ঞ।

লোহাগড়ায় আওয়ামী লীগের

বর্ধিত সভা অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা নড়াইল-২ আসনে মাশরাফি বিন মোর্তজা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। মাশরাফির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রস্তুত লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ। গত শনিবার শহরের আলাউদ্দীন মুন্সির গোডাউনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান রুনু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, সহ-সভাপতি আজাদ শিকদার, পৌর মেয়র ও যুবলীগের সভাপতি আশরাফুল আলম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, নলদী ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, মল্লিকপুর ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল, শালনগর ইউপির চেয়ারম্যান খান তসরুল আলম, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নজরুল শিকদার, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

ঢাকা-১২ আসনে বিএনপির মনোনয়ন

চান ব্যারিস্টার কাজল

ইত্তেফাক রিপোর্ট ঢাকা-১২ আসনে বিএনপির মনোনয়ন চান ব্যারিস্টার মনির হোসেন কাজল। ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার কাজল ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। ইতোপূর্বে তিনি নোয়াখালী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ঢাকা ১২ আসনে ব্যারিস্টার মনির হোসেন কাজল ছাড়াও বিএনপির মনোনয়নপত্র নিয়েছেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ব্রাডফোর্ড থেকে এমবিএ, সিটি ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ইন ল’ এবং লিংকন ইন থেকে বার এট ল’ সলিসিটার হিসেবে ইংল্যান্ডের সুপ্রিমকোর্টে প্রাকটিস করার সনদ অর্জনকারী ব্যারিস্টার কাজল ১/১১ পট পরিবর্তনের পর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১০ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন।

আদমদীঘিতে নির্বাচন ও আইন

শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে শনিবার আদমদীঘি থানা পুলিশের উদ্যোগ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং এবং আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন, ওসি মনিরুল ইসলাম, মঞ্জুয়ারা বেগম, জাহিদুর বারী, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুর রহিম আবুল কাসেম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজেদুল ইসলাম চম্পা।

ধানের শীষের প্রার্থী হতে চান

আকবর হোসেন ভূঁইয়া

ইত্তেফাক রিপোর্ট ঢাকা-৫ আসনে ধানের শীষের প্রার্থী হতে চান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ডেমরা থানার সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন ভূঁইয়া নান্টু। এ লক্ষ্যে তিনি বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকে রাজনীতিতে তার হাতেখড়ি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জোরালো ভূমিকা রাখেন তিনি। মহানগরের রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডে ত্যাগ-তীতিক্ষায় বিএনপির উঁচু মহলে তার একটি সুদৃঢ় অবস্থান রয়েছে। বিভিন্ন মিথ্যা মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন এ নেতা। রাজনৈতিক অঙ্গনে যেমন দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী তেমনি সমাজসেবী ও শিক্ষানুরাগী হিসেবে সমধিক পরিচিত আকবর হোসেন ভূঁইয়া নান্টু। তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত হয়ে এলাকায় কল্যাণমূলক কাজ করে আসছেন।  আকবর হোসেন ভূঁইয়া নান্টুন বলেন,  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি পালন করে আসছি। এলাকার মানুষ বিএনপি তথ্য আমাকে খুব ভালোবাসেন। বিএনপির মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে আসনটি উপহার দেব। আমি নির্বাচিত হলে ঢাকা-৫ আসনের রাস্তাঘাট, জলাবদ্ধতা নিরসনসহ বাসিন্দাদের উন্নয়নে নিরলস কাজ করে যাব।

বাঘায় আবারও নৌকা পেলেন শাহরিয়ার

বাঘা (রাজশাহী) সংবাদদাতা  সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহী-৬ আসনে (চারঘাট-বাঘায়) তৃতীয়বারের মতো নৌকা প্রতীক পেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ শাহরিয়ার আলম। এ আনন্দে রবিবার দুপুরে বাঘায় পৃথক আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগ।  উপজেলা সদরে অবস্থিত শাহদৌল্লা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ বিশাল আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর কিছুক্ষণ পর মিছিল করে পৌর যুবলীগ। বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, এ আসন থেকে সরকার দলীয় তিনজন নেতা মনোনয়ন চেয়েছিল। তবে আমরা আশাবাদী ছিলাম এবারও শাহরিয়ার ভাই মনোনয়ন পাবেন। আর শেষ পর্যন্ত সেটি চূড়ান্ত হয়েছে। এজন্য আমরা খুশি। এ আসন থেকে তিনি আবারও বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

দিনাজপুরে জিলা স্কুলের এসএসসির ৬৮ ব্যাচ

শিক্ষার্থীদের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর আনন্দমুখর উত্সবের মধ্য দিয়ে রবিবার দিনাজপুরের ১৯৬৮ ব্যাচের এসএসসির শিক্ষার্থীরা দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে ৫০ বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান উদ্যাপন করেন। সরকারি নিবন্ধিত অরাজনৈতিক ও কল্যাণমূলক সংগঠন দিনাজপুর জিলা স্কুল ৬৮ ব্যাচ কল্যাণ ট্রাস্ট জেলার ১৯৬৮ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পাসের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ১৯৬৮ ব্যাচের এসএসসির শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিলন মেলা, দ্বিতীয় পর্বে ছিল দিনাজপুরের ৬ জন গুণীজনকে জীবদ্দশায় এবং দু’জন গুণীজনকে মরণোত্তর গুণীজন সম্মাননা পদক প্রদান। জীবদ্দশায় গুণীজন হিসেবে যারা সম্মাননা পদক পেলেন তারা হলেন নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান, চিকিত্সা সেবা ও আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন, চিকিত্সা ও সমাজ সেবায় ডাঃ বসন্ত কুমার রায়, সঙ্গীত শিক্ষা প্রসারে মোঃ সিদ্দিকুর রহমান, রত্নগর্ভা জননী হিসেবে আছিয়া বেগম ও মিনাক্ষ্মী ব্যানার্জী। মরণোত্তর হিসেবে দু’জনকে ও তিনজনকে সম্মাননা পদক প্রদান করা হয় তারা হলেন, শিক্ষাবিদ ও সাহিত্যিক হিসেবে দিনাজপুর জিলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কবি কাজী কাদের নেওয়াজ এবং নাট্য ব্যক্তিত্ব হিসেবে নবরূপীর সাবেক সম্পাদক শাহ্্ মোঃ শাহজাহান শাহ্্। দিনাজপুর জিলা স্কুলের ১৯৬৮ সালের শিক্ষার্থীদের সরাসরি শিক্ষক ও দিনাজপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বজির উদ্দীন আহমেদ চৌধুরী ও মোঃ আবু জোবায়ের রহমানকে শ্রদ্ধার্ঘ্য সম্মাননা পদক প্রদান করা হয়। মরণোত্তর শিক্ষক হিসেবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় প্রয়াত শিক্ষক পণ্ডিত গোপাল চন্দ্র ভট্টাচার্যকে।

কচুয়ায় গৃহবঁধূ আকলিমা হত্যা মামলায় ৫ আসামি গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলার বহুল আলোচিত গৃহবঁধূ আকলিমা হত্যা মামলায় ৫ আসামিকে রবিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- আকলিমার শ্বশুর সিরাজুল ইসলাম, শাশুড়ী রেহানা বেগম, দেবর ফজলে রাব্বি, ননদ সীমা বেগম ও ময়না আক্তার । প্রায় ৩ বছর পূর্বে আকলিমা কচুয়া উপজেলার নূরপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র কাউছার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিবাহের কয়েক মাস অতিবাহিত হতে না হতে আকলিমার সঙ্গে স্বামীসহ পরিবারের সদস্যদের সঙ্গে আত্মকলহ সৃষ্টি হয়। গত ২৪ জুন গভীর রাতে আকলিমা স্বামীগৃহে নির্মমভাবে হত্যার শিকার হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ভুঁইয়া জানান, গৃহবঁধূ আকলিমা হত্যা হওয়ার প্রেক্ষিতে চাঁদপুরের আদালতে মামলা দায়ের হওয়ায় সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাকৃত আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। আকলিমার স্বামী কাউছার আলম পলাতক রয়েছে বলেও তিনি জানান।

চিতলমারীতে টমেটো ক্ষেত পরিদর্শনে কৃষি

সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা  চিতলমারীতে গত কয়েকদিনে অজ্ঞাত রোগে হাজার হাজার টমেটো গাছে মড়ক দেখা দেয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক অমিতাভ দাসসহ উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক দল গতকাল রবিবার উপজেলার বিভিন্ন এলাকার টমেটো ক্ষেত পরিদর্শন করেন। চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, দলটি চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী, সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি ও চিতলমারী সদর ইউনিয়নের কুরমনি গ্রামের ক্ষেতসমূহ পরিদর্শন করেন। তারা ভালো ও আক্রান্ত ক্ষেত পরিদর্শন করেন। টমেটো ক্ষেত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচলক অমিতাভ দাস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক বিধান ভাণ্ডার, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান,গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সামছুন্নাহার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শাদাত হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এমএ গফফার, ড. মো. আব্দুল কুদ্দুস, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার দাশ প্রমুখ।

গাংনীতে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে শনিবার সন্ধ্যায় পুকুরে ডুবে খলিলুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধ খলিলুর রহমান ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার ফকির মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, খলিলুর রহমান শনিবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান। তার বাড়িতে আসতে দেরি হওয়ায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা সন্ধ্যায় পুকুরে লাশ ভাসতে দেখে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পলাশ প্রেসক্লাবের সভাপতি শফি

সম্পাদক মনা

পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি শনিবার রাতে গঠন করা হয়েছে। ঘোড়াশাল পৌর এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় দুই বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের আহ্বায়ক এস.এম শফির সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে দৈনিক যায়যায়দিনের এস.এম শফিকে সভাপতি ও দৈনিক সমকালের মোঃ আশাদউল্লাহ মনাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ক্লাবের অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি হাজী জাহিদ হোসেন, ওয়াদুদ বাচ্চু, মোঃ আক্তারুজ্জামান, সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির, শরীফ ইকবাল রাশেল, দপ্তর সম্পাদক আনিছুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মাহাবুব সৈয়দ, অর্থ সম্পাদক মঞ্জুর হোসেন খান, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সারোয়ার রুবেল, কার্যকরি সদস্যরা হলেন এস.এম হাবিবউল্লাহ, কামাল আহামেদ, এস.কে দেবনাথ সমীর, আনোয়ার হোসেন আনু ও বোরহান মেহেদী।

কোটালীপাড়ায় আনসার

ও ভিডিপি সমাবেশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আনসার ও ভিডিপি সমাবেশ রবিবার জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ২১ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফেরদৌস আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র মো:কামাল হোসেন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ক্ষিতিষ চন্দ্র ফলিয়া বক্তব্য রাখেন।

ময়মনসিংহে স্কিলস কম্পিটিশন

মেলা ও সেমিনার

ময়মনসিংহ প্রতিনিধি “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ স্লোগান নিয়ে শনিবার ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আঞ্চলিক পর্যায়ে দিনব্যাপী স্কিলস কম্পিটিশন মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ড. প্রকৌশলী মো: মোরাদ হোসেন মোল্লার সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো:মোস্তাফিজুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-প্রধান মো. আব্দুর রাকিবসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। মেলায় শিক্ষার্থীদের আবিষ্কৃত বিভিন্ন  মডেল তুলে ধরা হয়।

মাদারীপুরে সেবা সপ্তাহের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে রবিবার এক বিশেষ বন্ধ্যাকরণ ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক মো. গোলাম সরোয়ার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক কনসালটেন্ট ডা. সৈয়দ লিয়াকত আলী, কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হক, মেডিক্যাল অফিসার (ক্লিনিক) ডা. সাহেলা আক্তার, মেডিক্যাল অফিসার ডা. রবীন্দ্রনাথ সরদার। শতাধিক নারী দীর্ঘমেয়াদি পদ্ধতি (ইনপ্লান্ট) গ্রহণ করেন।

কাউখালী আন্তর্জাতিক নারী নির্যাতন

 প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার মহিলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সাবেক সভাপতি জাহানুর বেগম, সহ-সভাপতি জাহানারা হাবিব, লিগ্যাল এইড সম্পাদিক ফরিদা ইয়াসমিন, আন্দোলন সম্পাদিকা শামীম আরা রেবা, প্রশিক্ষক প্রভাতী রানী মৃধা, ইউপি সদস্য ঝর্ণা রানী, প্রচার সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহাফুজা খাতুন মিলি প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতির ওপর ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে শুরু হয়েছে। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান এবং সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার। অর্থ মন্ত্রণালয়ের সরকারি ব্যয়ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি ও জেলা হিসাবরক্ষণ অফিস, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি বিভিন্ন বিভাগের ২৫ জন আয়ন-ব্যয়ন কর্মকর্তা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-সচিব মীর আব্দুল আউয়াল আল মেহেদী, অর্থ মন্ত্রণালয়ের, উপ-সচিব মুহাম্মদ আলী প্রিন্স প্রশিক্ষক হিসেবে এতে অংশ নেন।

কারিগরি শিক্ষার্থীদের মেধা

 বিকাশে স্কিলস কম্পিটিশন

রংপুর অফিস শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর উদ্যোগে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্কিলস কম্পিটিশন’-এর আঞ্চলিক পর্ব গত শনিবার  ইনস্টিটিউট চত্বরে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, বিশেষ অতিথি ছিলেন উপ-সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মো. আব্দুর রহিম, মুখ্য আলোচক ছিলেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রংপুর প্রকৌশলী. মো. খালেদ হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক এ.বি.এম আজাদ।

কুড়িগ্রামে মহিলা পরিষদের

সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার দুপুরে লিগ্যাল এইড উপ-পরিষদ বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন  জেলা মহিলা পরিষদের সভাপতি নন্দিতা চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রতিমা  চৌধুরী, উপদেষ্টা মমতা  চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আনাম লাজ, লিগ্যাল এইড সম্পাদক মাহাবানু লাকী প্রমুখ।

নোবিপ্রবিতে ৩ ডিসেম্বর স্নাতক

প্রথম বর্ষের ক্লাস শুরু

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) শ্রেণির ক্লাস আগামী ৩ ডিসেম্বর শুরু হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৬-২৮ অক্টোবর তিন দিনব্যাপী স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সম্মান শ্রেণির প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক, ব্যবসায় প্রশাসন, শিক্ষা বিজ্ঞান ও আইন অনুষদসহ ছয়টি অনুষদ এবং আইআইটি ও আইআইএসসহ দুটি ইনস্টিটিউটের অধীনে মোট ৩০টি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩০ অক্টোবর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মেধা ও কোটাসহ ভর্তি কার্যক্রম চলে ৪ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

ফুলবাড়ীয়ায় ওয়ানগালা উত্সব পালিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা গারোদের বিশ্বাস, মিসি সালজং বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভাল ফলন। এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে রবিবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইটের দরগাচালায় গারোরা পালন করে ওয়ানগালা উত্সব। দিনব্যাপী পূজা অর্চনা, আলোচনা, নাচ গানে পালন করে তাদের সবচেয়ে বড় উত্সব ওয়ানগালা। আলোচনায় সভাপতিত্ব করেন খ্রিস্টরাজার ধর্ম পল্লীর ফাদার রোদন পাল পুরোহিত, ওয়ার্ল্ড ভিশনের এপিএম জেমস বিশ্বাস, ওয়ার্ল্ড কনসার্নের পিও জিস্কেল ইজারাদার, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইস জেংচাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের মাঝে পরিপোষক

ভাতা ও বিভিন্ন উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে ৭৫ জন প্রবীণ ব্যক্তিকে মাসিক ৬শ টাকা হারে ২ মাসের ১২শ টাকা করে ৯০ হাজার ৮শ টাকা পরিপোষক ভাতা প্রদান করা হয়েছে। প্রবীণ জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন কর্মসূচির আওতায় এ টাকা বিতরণ করা হয়। এ ছাড়া ৫০ জন দরিদ্র মানুষের মাঝে ১টি করে কম্বল, ৫০ জনের মাঝে ১টি করে শীতের চাদর, ২০ জনের মাঝে ১টি করে কমোড চেয়ার, ২০ জনের মাঝে ১টি করে ওয়াকিং স্টিক বিতরণ করা হয়। এ ছাড়া সমৃদ্ধি কর্মসূচির আওতায় দেড় শতাধিক ডায়াবেটিক রোগীকে বিনামূল্যে চিকিত্সা প্রদান করা হয়। এ উপলক্ষে কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য দেন রানীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মহসিন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আহসান আলী মাস্টার, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, রাজশাহী ডায়াবেটিক হাসপাতালের ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল হক, প্রবীণ ইউনিয়ন সভাপতি আনোয়ারুল আজিম, রানীহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসিম উদ্দিন।

গাংনীতে দুস্থ শীতার্তদের

মাঝে কম্বল বিতরণ

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে হেমায়েতপুর সেবা সংগঠনের পক্ষ থেকে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শনিবার বিকেলে কম্বল বিতরণ করা হয়। রাজারপাড়া হেমায়েতপুর,গজাড়িয়া হেমায়েতপুর ও রুয়েরকান্দি গ্রামের ১০৩ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমায়েতপুর সেবা সংগঠনের সভাপতি সেকেন্দার আলী মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাইপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য (মেম্বর) আনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন  হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাকিল আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হেমায়েতপুর সেবা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন হোসেন।

লালমোহনের কোড়ালমারায়

বিদ্যুত্স্পর্শে নিহত এক

লালমোহন (ভোলা) সংবাদদাতা ভোলার লালমোহনের সিমান্তবর্তী কোড়ালমারা এলাকায় বিদ্যুত্স্পর্শে জাকির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয় আরো ৩ জন। গতকাল রবিবার দুপুরে একটি বিদ্যালয় ভবনের কাজ করার সময় অসর্তকতাবশত রড বিদ্যুতের লাইনের সাথে জড়িয়ে গেলে এ ঘটনা ঘটে। আহতরা হলো, মো. মহসিন, জামাল ও লিটন। আহতরা বর্তমানে লালমোহন হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত জাকির তজুমদ্দিন উপজেলার দক্ষিণ কোড়ালমারা এলাকার জহিরুল হক সর্দারের ছেলে।

সুনামগঞ্জে পরিবার পরিকল্পনার

বিশেষ ক্যাম্পের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে পরিবার পরিকল্পনা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থায়ী  ও দীর্ঘ মেয়াদি পদ্ধতির বিশেষ ক্যাম্প উদ্বোধন করা হয়। রবিবার সকালে কাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিত্ কৃষ্ণ চক্রবর্তী, মা ও শিশুকল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. জসিম উদ্দিন খান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ শর্মা প্রমুখ। এ সময় জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

০