হবিগঞ্জে দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪৩

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পৃথক ঘটনায় দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রাম থেকে ফাহিমা আক্তার (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের ফারুক মিয়ার কন্যা ও স্থানীয় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে না উঠায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সে আত্মহত্যা করেছে বলে তারা ধারণা করছেন। গত সোমবার মাধবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এছাড়া বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের কলেজছাত্রী সাহিদা আক্তার (১৯) কে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের লোকমান মিয়ার কন্যা। ধারণা করা হচ্ছে সে বিষ পানে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

চুনারুঘাটে পোড়ানো

মরদেহ উদ্ধার

এদিকে, চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের বনাঞ্চল থেকে অজ্ঞাত ব্যক্তি (পুরুষ) এর পোড়ানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে মরদেহটি ময়নাতদন্ত শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। এসময় অজ্ঞাত ব্যক্তির পোড়ানো একটি মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করে মৃতদেহ গুম করার উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। মৃতদেহটি বিকৃত হওয়ায় এখনো তার পরিচয় পাওয়া যায়নি।