রাজশাহী মহানগরীতে চোর সন্দেহে মারপিট করায় ক্ষোভে-অপমানে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে মহানগরীর পশ্চিম বুধপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন (২৪) ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর পশ্চিম বুধপাড়ার আবুল কালাম আজাদের বাড়িতে প্রবেশ করে একই এলাকার যুবক রাসেল। এ সময় আজাদের বাড়ির লোকজন তাকে ধরে ফেলেন। পরে আজাদের ছেলে নওশাদ, সাজ্জাদ, বুলবুল ও প্রতিবেশী জামাল উদ্দিন এবং তার ছেলে মুক্তা মিলে রাসেলকে মারপিট করে। পরে আহত রাসেলকে তার স্ত্রী আলেয়া বেগম ও বাবা আব্দুর রশিদকে ডেকে তাদের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় ক্ষোভে-অপমানে রাসেল রাতেই নিজ বাড়িতে বিষপান করে। তাকে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
রাসেলের স্ত্রী আলেয়া বেগম বলেন, মারপিটের কারণে তার স্বামী রাসেল গুরুতর আহত হয়ে পড়েছিলেন। কোনো কথাও বলতে পারছিলেন না। একটু পরে রাসেল আরো অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরেই রাসেল মারা যান। পরে বিষপানের বিষয়টি জানাজানি হয়।
এদিকে রাসেলের শ্বশুর আলমগীর হোসেন বলেন, চোর সন্দেহে রাসেলকে মারপিট করে মুখ বিষ ঢেলে দেয়া হয়। এতেই তার মৃত্যু হয়েছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় ইউডি মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ক্ষোভ থেকে নিজেই বিষপান করে আত্মহত্যা করেছেন।
ইত্তেফাক/বিএএফ
