মেহেরপুরে স্বামী হত্যার অপরাধে ফুলঝুড়ি নন্দিতা নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন।
একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরো ৩ মাসের জেল দেওয়া হয়েছে। আর মামলায় অপর দুই আসামি আব্দুল করিম ও মোহাম্মদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ফুলঝুড়ি নন্দিতা জেলার মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে।
মামলা বিবরণে জানা গেছে, ২০১২ সালে গৌরিনগর গ্রামের আনছার আলী বিশ্বাসের ছেলে ফিরোজ আলীর সঙ্গে একই উপজেলার ভবেরপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ফুলঝুড়ি নন্দিতার বিয়ে হয়। বিয়ের চার মাস পর ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর ফিরোজ আলী শ্বশুর বাড়ি বেড়াতে যায়। ওই দিন রাতেই ফুলঝুড়ি খাতুন দাম্পত্য কলহের জের ধরে তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ সকালে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আনছার আলী বিশ্বাস বাদী হয়ে ফুলঝুড়ি খাতুন প্রধান করে পাঁচজনকে আসামি করে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রাথমিক তদন্ত শেষ করে ২০১৩ সালের ৩১ জুলাই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই মধুসুদন মোস্তবী। মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। মামলার নথি ও সাক্ষ্য পর্যালোচনা করে আদালতের বিচারক ওই আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। আসামি পক্ষে ইয়ারুল ইসলাম ছিলেন।
ইত্তেফাক/জেডএইচ
