চার আসামি গ্রেফতার
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
কমলনগরে গৃহবধূ শাহিনুর আক্তার হত্যাকাণ্ডে পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার রাতে কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন শাহিনুরের বাবা মো. জাফর উদ্দিন।
মামলার আসামিরা হলেন, শাহিনুরের স্বামী সালাউদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার মো. হাফিজ, আবু তাহের (গ্রামপুলিশ) ও সালাউদ্দিনের দুই ভাই আলাউদ্দিন ও আবদুর রহমান বিশ্বাস। এদের মধ্যে প্রধান আসামি সালাউদ্দিন ছাড়া বাকি চারজনকে পুলিশ গ্রেফতার করেছে।
মামলার বিবরণে জানা যায়, প্রধান আসামি সালাউদ্দিন স্ত্রী শাহিনুর আক্তারকে টেনে হেঁচড়ে বসতবাড়ির পার্শ্ববর্তী সয়াবিন ক্ষেতে নিয়ে যায় এবং সেখানেই তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। অপর আসামিরা তাকে হত্যায় সহযোগিতা করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন বলেন, আমরা প্রধান আসামি ছাড়া বাকি এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছি। প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় গত রবিবার কমলনগরে তরুণী শাহিনুর আক্তারের গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী সালাউদ্দিন। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শাহিনুরের মৃত্যু হয়।
