মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছায় একজন স্কুল শিক্ষিকাকে ইভটিজিংয়ের দায়ে এক ছাত্রলীগ নেতাকে ১০ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মমিনুল ইসলাম তারাটি পূর্বপাড়ার বাসিন্দা শুকুর আলীর ছেলে। তিনি মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
মুক্তাগাছা থানার ওসি আলী মাহ্মুদ জানান, শহরের কালিবাড়ি পুকুরপাড় নামক স্থানে পৌর এলাকার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকাকে ইভটিজিং করেন মমিনুল ইসলাম। পরে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের সাজা দেন।
মমিনুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি নিয়মিত মামলা এবং দুইটি ওয়ারেন্ট রয়েছে জানিয়ে ওসি বলেন, তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
