সাইবার অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিতে আইনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন: প্রধান বিচারপতি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৮
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, যেসব অপরাধ দ্রুত বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে সাইবার অপরাধ অন্যতম। এই অপরাধ বিশ্ব সম্প্রদায়কে প্রতিনিয়ত ভোগাচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সাইবার অপরাধীদের দ্রুত শাস্তি দিতে প্রয়োজনে সাইবার সম্পর্কিত আইন কানুন পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। গতকাল রবিবার ‘ফাস্ট সিনিয়র এডভোকেট ওজায়ের ফারুক মেমোরিয়াল ল’ কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
 
প্রধান বিচারপতি বলেন, দেশের পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও প্রতিবেশের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে সর্বোচ্চ আদালত। সে লক্ষ্যে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে যুগান্তকারী রায় দিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রেখেছে। তিনি বলেন, আমাদের সংবিধানের অন্যতম মূলনীতি হচ্ছে আইনের শাসন। আইন পেশার উন্নয়নে ওজায়ের ফারুকের অসাধারণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট বার সভাপতি জয়নুল আবেদীন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, ব্যারিস্টার মো. ইমতিয়াজ ফারুক বক্তৃতা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সম্মেলনে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ স্বাগত বক্তব্য দেন।
 
ইত্তেফাক/অারকেজি