আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কার হয়নি!

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪৯

সাতক্ষীরা প্রতিনিধি

সংস্কার করা সম্ভব হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। ফলে আবারো নতুন করে দুই গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক মত্স্য ঘের। পানিবন্দি হয়ে পড়েছে সহস্রাধিক মানুষ। ইতোমধ্যে ভেঙে গেছে বেশকিছু কাঁচা ঘরবাড়ি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার কাজ চালিয়ে গেলেও সেটি আজও সম্পূর্ণ সংস্কার করা সম্ভব হয়নি।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সোমবার ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের পরিমল মণ্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে দুইদিনে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলা এবং শ্রীউলা ইউনিয়নের কলিমাখালি ও হাজরাখালী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। তলিয়ে গেছে শতাধিক মত্স্য ঘের।

এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান বলেন, মঙ্গলবার সকাল থেকে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। দ্রুত বেড়িবাঁধ সংস্কারের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।