মুকসুদপুরে কিশোরের লাশ উদ্ধার
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা মুকসুদপুরে মঙ্গলবার দুপুরে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নয়ন মোল্লা (১৮)। সে উপজেলার বামনডাঙ্গা গ্রামের এসকেন মোল্লার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাত ১টার দিকে তার বোন ঘরে ঢুকে দেখে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো নয়নের ঝুলন্ত লাশ। খবর পেয়ে পুলিশ পরদিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিউল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার ও পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল।
ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি জাকেরুল ইসলাম জাকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা ড্রাগ সুপার মাখনুওন তাবাসসুম। আরো বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সমিতির নাটোর জেলা সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলা পর্যায়ে মঙ্গলবার জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। এ উপলক্ষে র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম খান ফিরোজ। আলোচনা করেন এমওসিএস ডা. এসএম খলিলুজ্জামান, টিএইচ এন্ড এফপিও ডা. একরাম হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জিএম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
ধর্ষকের ফাঁসি দাবিতে মানববন্ধন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও বিদ্যালয়ের সামনে ধর্ষকের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নেপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মৃধা, সহকারী শিক্ষক সামছুজ্জোহা পান্না প্রমুখ।
দুর্যোগকালীন পরিকল্পনা বিষয়ক কর্মশালা
ভোলা প্রতিনিধি ভোলায় দুর্যোগ চিত্রের উন্নয়ন ও সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ক পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা প্রশাসকের কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহামুদুর রহমানের সভাপতিত্বে ও এলজিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী আব্দুস সালামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম মিজানুর রহমান প্রমুখ।
