আদালতে স্বীকারোক্তি: এক লাখ টাকার চুক্তিতে আওয়ামী লীগ নেতাকে খুন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৮
কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদকে সিলেট নগরীর জিন্দাবাজারে খুন করে পেশাদার খুনিরা। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মাসুদ রানা গত রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে আরো জানায় তারা এক লাখ টাকার চুক্তিতে এই খুন করে।
 
মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নুর মিয়ার ছেলে আব্দুল আহাদ আহাদ সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন। তিনি গত ৩১ আগস্ট সিলেটে এসেছিলেন দলের এক সভায়। রাতে জিন্দাবাজারে আব্দুল আহাদকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপ কুমার চৌধুরী বলেন, আদালতকে মাসুদ রানা জানিয়েছে এক লাখ টাকার বিনিময়ে সে তার সহযোগীদের নিয়ে আব্দুল আহাদকে হত্যা করে। এসআই অনুপ কুমার চৌধুরী জানান, মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে গত ১০ সেপ্টেম্বর মুরাদ হোসেন রানাকে সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার তার বন্ধুর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ১১ সেপ্টেম্বর  আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে  সে আদালতে আব্দুল আহাদ হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দেয়।
 
মুরাদ হোসেন রানা সিলেট ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাবিন রাজা চৌধুরী গ্রুপের সক্রিয় কর্মী। তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ রায়গড় গ্রামে।
 
ইত্তেফাক/নূহু