‘কোচিং সেন্টারের আড়ালে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালাচ্ছিল’

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:০৭

রাজধানীর মিরপুরের পীরেরবাগ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর পাঁচ সদস্যকে শনিবার রাতে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃতরা হলো—তারেক মোহাম্মদ ফয়সাল, মোস্তফা মোরসালীন প্রাঙ্গন, তানভীর আহম্মেদ, ফারাবী খান অনিক ও জামিনুর রেজা ওরফে নবীন। কোচিং সেন্টারের আড়ালে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিল তারা। নাশকতার পরিকল্পনাও ছিল তাদের। তাদের কাছ থেকে রাষ্ট্রবিরোধী লিফলেট, বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির।

সম্মেলনে জানানো হয়, গ্রেফতার হওয়াদের মধ্যে তারেক কল্যাণপুরের আর্টিসান কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক। সে ২০১৩ সাল থেকে হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত। ফারাবী খান অনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তানভীর ও মোস্তফা মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র এবং জামিনুর  রেজা তেজগাঁও কলেজের ছাত্র। তারেকের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী থানার পাতারচড়ে, তানভীরের বাড়ি গোপালগঞ্জের মকছেদপুর থানার দোয়ারী ডাঙ্গায়, মোস্তফা ও ফারাবীর বাড়ি ঢাকার উত্তর পীরেরবাগে এবং জামিনুরের বাড়ি ময়মনসিংহের হরগঞ্জ থানার বাটাজোড়।

র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, পীরেরবাগে বৈঠক হচ্ছে এমন গোয়েন্দা তথ্যে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের প্রধান সমন্বয়কারী তারেক। তানভীর ও ফারাবী সংগঠনের কর্মী সংগ্রহের দায়িত্বে রয়েছে। মোস্তফা ও জামিনুর সংগঠনের সক্রিয় সদস্য। র্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার পাঁচজনই একসঙ্গে বৈঠকে বসে খিলাফত প্রতিষ্ঠার কথা বলত। উদ্ধার করা লিফলেটে দেখা যায়, তারা সব রাজনৈতিক দলের বিরোধিতা করে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছিল।