প্রধানমন্ত্রীর সংবর্ধনায় সর্বস্তরের প্রবাসীদের যোগ দেওয়ার আহ্বান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৯
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় সর্বস্তরের প্রবাসীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে আয়োজিত এক পথ সভায় এ আহ্বান জানানো হয়।
 
বর্তমান সরকারের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এই পথ সভায় জাসদের নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পথ সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী। বাংলাদেশের আপামর জনগণের ভাগ্যোন্নয়নে তিনি দিনরাত পরিশ্রম করে চলেছেন। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেবে। এই সংবর্ধনায় তিনি সবাইকে দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যোগ দেওয়ার আহ্বান জানান।
 
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিএনপি-জামাতের ঘোষিত কর্মসূচির প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ব্যাপারে ঐক্যবদ্ধ থেকে কঠোর পদক্ষেপে নেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। 
পথ সভায় আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র জাসদের নেতা দেওয়ান শাহেদ চৌধুরী, নূরে আলম জিকু, যুক্তরাষ্ট্র আওয়ামী  লীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান, যুবলীগ নেতা তারিকুল হায়দার চৌধুরী, নান্টু মিয়া প্রমুখ।
 
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন। এদিন সন্ধ্যায় ম্যানহাটনের হোটেল হিলটনে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
 
ইত্তেফাক/বিএএফ