‘শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক দৃষ্টান্ত স্থাপন করেছে’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪২
ভারত ও বাংলাদেশের সম্পর্ক মূল্যায়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিবেশীর সম্পর্ক পারিবারিক পর্যায়ে উন্নীত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি বলেন, প্রতিবেশীর সম্পর্ক কতটা গভীর হতে পারে বিশ্ববাসীর জন্য সে দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত-বাংলাদেশ। 
 
আজ মঙ্গলবার ঢাকায় গণভবনের সঙ্গে ভিডিও কনফারেন্সে নয়াদিল্লি থেকে তিনি এ সব কথা বলেন। এ সময় নয়াদিল্লি প্রান্তে আরও ছিলেন ভারতের পররাষ্ট্র, জ্বালানি ও রেলের ৩ মন্ত্রী। গণভবন প্রান্তে অর্থ রেল ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার।
 
ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি নতুন মাত্রায়, সম্পর্ক নতুন উচ্চতায়- এর সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়ে একমত হন।  
 
১০ দিনের ব্যবধানে ৫টি বড় ধরনের প্রকল্পের যৌথ সূচনায় দুই দেশের সহযোগিতার মাত্রা ও সক্ষমতার প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। আগামীতে দুই দেশের সহযোগিতা আরো গভীর হওয়ার প্রত্যাশা দুই শীর্ষ নেতার।
 
বাংলাদেশের উন্নয়নে ভারতের নিরবিচ্ছিন্ন সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
ভারতের সঙ্গে ১৩০ কিলোমিটার ডিজেল পাইপ লাইন ও ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল লাইন নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। আসাম রাজ্যের শিলিগুড়ি থেকে ভারতের ৫ কিলোমিটারসহ বাংলাদেশ অংশে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত মোট ১৩০ কিলোমিটার ডিজেল পাইপ লাইন ২০১৯ সাল নাগাদ নির্মাণ হলে প্রথম বছরে আড়াই ও পরবর্তীতে ৪ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা যাবে। 
 
অন্যদিকে, টঙ্গী জয়দেবপুরের ৯৬ কিলোমিটার ডুয়েল গেজ ডাবল রেল লিংক ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, উত্তরবঙ্গ ও পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের রেল চলাচলকে আরো গতি দেবে।
 
ইত্তেফাক/এমআই