স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার আলোচিত বহিষ্কৃত যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্জিত সেই সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তিনি মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করেন। পরে বিচারক নরেশ চন্দ্র সরকারের নির্দেশে আব্দুল মতিনকে কারাগারে পাঠানো হয়।
এর আগে ওই একই মামলায় দুদকের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি আব্দুল মতিন সরকারের অবৈধ সম্পদ ক্রোক এবং তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ফ্রিজ করার নির্দেশ দেন।
