শ্রীপুরে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৮
মাগুরার শ্রীপুরে স্কুলছাত্রীকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ফোরকান আলী দাখিল মাদ্রাসার কাছে থেকে তাকে আটক করা হয়।
 
দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দহর পাচুরিয়ার গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
 
এলাকাবাসী ও দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কালন জানান, মঙ্গলবার সকাল অনুমান ৯ টার দিকে উপজেলার নলখোলা রুপসী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে দ্বারিয়াপুর ফোরকান আলী দাখিল মাদ্রাসার নিকট ছাত্রীটি পৌঁছালে আরিফুল তাকে পাকা রাস্তার উপর ঠেকিয়ে অসুস্থতার অজুহাতে তার বাইসাইকেলটি একটু ধরার জন্য অনুরোধ করে। তার অনুরোধে মেয়েটি রাজী হয়ে সাইকেলটি ধরামাত্রই  বখাটে আরিফুল সুকৌশলে মেয়েটিকে পিছন দিক দিয়ে জাপটে ধরে প্রকাশ্যে শ্লীলতাহানি ঘটানোর চেষ্টা করে। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ওই যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আটকে রাখে।
 
আটকের পর বিষয়টি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরিফুলের ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
 
ইত্তেফাক/বিএএফ