সংবাদপত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে —তাসমিমা হোসেন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে সংবাদ মাধ্যম সময় অতিক্রম করছে। বিশেষ করে সংবাদপত্রে আগের চেয়ে চ্যালেঞ্জও বেড়েছে। এই সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিক-শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আরো পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। এতে প্রতিষ্ঠান টেকসই হওয়ার পাশাপাশি কর্মীরাও আরো বেশি উপকৃত হবেন। গতকাল মঙ্গলবার কাওরান বাজারে ইত্তেফাক কার্যালয়ের মজিদা বেগম মিলনায়তনে দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি.) ওয়ার্কার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন সাব-কমিটির চেয়ারম্যান ও ডিইউজে ইত্তেফাক ইউনিট চিফ আবুল খায়ের বলেন, সবাইকে আগে প্রতিষ্ঠানের স্বার্থ দেখতে হবে। তবেই ইত্তেফাকের আরো উন্নতি হবে এবং ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারী সবাই আরো বেশি সুবিধা পাবেন।

দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি.) ওয়ার্কার্স ইউনিয়নের বিদায়ী সভাপতি আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি তাজাম্মেল হক, সহ-সভাপতি গোলাম সারোয়ার আজাদ, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মো. রুহুল আমিন হাওলাদার  প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিইউজে ইত্তেফাক ইউনিটের ডেপুটি ইউনিট চিফ ও নির্বাচন সাব-কমিটির সদস্য মোহাম্মদ শাহযাদা ও মোহাম্মদ আল-মামুন, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু জাফর, আইটি ম্যানেজার রেজা হাফিজ, প্রশাসন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ রাজীব চৌধুরী প্রমুখ।