নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধূর নাম শারমীন আক্তার আঁখি (২৭)। আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর চকেরবাড়ী এলাকায় নিজ ঘর থেকে আঁখির লাশ উদ্ধার করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের খাটের ওপরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ আঁখির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এস আই) কাসেম জানান, লোক মারফত সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আঁখির স্বামী হারুণ অর রশিদ মালয়েশিয়ায় আছেন। তাদের দুটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ীর পরিবারের সব লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।
এ ব্যাপারে নিহতের পিতা একই উপজেলার আগুয়ান্দী গ্রামের আঃ আউয়াল আড়াইহাজার থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেছেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ময়না তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
ইত্তেফাক/নূহু
