ইত্তেফাক রিপোর্ট
সড়ক পরিবহন আইন, ২০১৮ কার্যকর করতে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। লিগ্যাল নোটিসের জবাব না পেয়ে এ রিট করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে।
মনজিল মোরসেদ বলেন, সড়ক পরিবহন আইন সংসদে পাস হওয়ার পর গত বছরের ৮ অক্টোবর গেজেট প্রকাশ করে। তবে আইনটি কার্যকর করতে ওই আইনের ১(২) ধারা অনুযায়ী সরকারকে আরেকটি গেজেট প্রকাশ করতে হয়। কিন্তু ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আইনটি কার্যকর করতে গেজেট প্রকাশ করা হয়নি। ফলে এর সুফল পাচ্ছে না জনগণ।
রিট আবেদনে সড়ক পরিবহন আইন কার্যকর করতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির জন্য আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। মন্ত্রি পরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, সড়ক পরিবহন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে। গত ১০ এপ্রিল সড়ক পরিবহন আইন কার্যকর করতে গেজেট প্রকাশ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিস দেয় রিটকারী সংগঠন।
