ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪১
ভারতের বিপক্ষে মাত্র ৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। বাবর আজম ও শোয়েব মালিক তৃতীয় উইকেট জুটিতে সেই চাপ খানিকটা কাটিয়ে ওঠতে সক্ষম হয়েছিলেন। তবে দলীয় ৮৫ রানে বাবর আউট হওয়ার পর চিত্র পাল্টে যায়। ১১০ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ৩০ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ছয় উইকেটে ১১৩ রান। 
 
দলীয় ৩ রানের মধ্যে দুই ওপেনার ইমাম-উল হক ও ফখর জামান ফিরে গিয়েছিলেন। এরপর অবস্থায় তৃতীয় উইকেটে জুটি বাঁধেন শোয়েব মালিক ও বাবর আজম। দলীয় ৮৫ রানে ফিরে যান বাবর। এরপর ২৫ রান যোগ হতেই একে একে তাকে অনুসরণ করেন সরফরাজ আহমেদ, শোয়েব মালিক ও আসিফ আলী। আউট হওয়া ছয় ব্যাটসম্যানের মধ্যে বাবর আজম (৪৭) ও শোয়েব মালিক (৪৩) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি। 
 
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। পাকিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বুধবার বিকেলে ম্যাচটি শুরু হয়েছে। 
 
এটি এশিয়া কাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান উভয় দলই সুপার ফোর নিশ্চিত করেছে। দুই ম্যাচ হেরে বিদায় হয়ে গেছে হংকংয়ের। 
 
এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১২ বার মুখোমুখি হয়েছে। ছয়বার জিতেছে ভারত। হেরেছে পাঁচবার। অন্য দিকে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে দুবার।
 
গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও আফগানিস্তান উভয়েই সুপার ফোর নিশ্চিত করেছে। বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।  
 
ইত্তেফাক/কেআই