সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৫
সাইবার তথা ডিজিটাল অপরাধের কবল থেকে রাষ্ট্র এবং জনগণের জান-মাল ও সম্পদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় বিধান করে আজ বুধবার সংসদে ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বিলটি পাসের প্রস্তাব করেন।
 
বিলে বিধান করা হয় যে, এর কোনো বিধানের সঙ্গে অন্য কোনো আইনের কোনো বিধান অসামঞ্জস্য হয়, তাহলে অন্য কোনো আইনের বিধানের সঙ্গে যতটুকু অসামঞ্জস্য হয় ততটুকুর ক্ষেত্রে প্রস্তাবিত বিলের বিধান কার্যকর হবে।
 
বিলে বিধান করা হয় যে, কোনো ব্যক্তি দেশের বাইরে বিলের বিধানের অধীন কোনো অপরাধ সংঘটন করলে তা বাংলাদেশে সংঘটিত হয়েছে বলে বিবেচিত হবে।
 
বিলে বিধান করা হয়, কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে থেকে দেশে অবস্থিত কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে দেশের অভ্যন্তরে প্রস্তাবিত বিধানের অধীন কোনো অপরাধ সংঘটন করলে ওই অপরাধ দেশে সংঘটিত হয়েছে বলে বিবেচিত হবে। এছাড়া কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তর থেকে দেশের বাইরে এ বিধানের অধীন কোনো অপরাধ সংঘটন করেন তাহলে সে অপরাধের সম্পূর্ণ প্রক্রিয়া দেশে সংঘটিত হয়েছে বলে বিবেচিত হবে।
 
বিলে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠনের বিধান করা হয়েছে। এর প্রধান কার্যালয় ঢাকায় এবং প্রয়োজনে ঢাকার বাইরে দেশের যে কোনো স্থানে এর শাখা কার্যালয় স্থাপনের বিধান করা হয়।
 
বিলে এজেন্সির মহাপরিচালক নিয়োগ ও তার দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা এবং জনবল কাঠামোসহ অন্যান্য বিষয়ে বিধান করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে