দেখা দিলো ‘দেশি ফেলুদা’

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৫৮

 বিনোদন রিপোট

 

বাংলা সাহিত্যের অমর সৃষ্টি সত্যজিত্ রায়ের ফেলুদা। এই গোয়েন্দা চরিত্রটি নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। ভারত-বাংলাদেশে ফেলুদাকে নিয়ে একাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজ নির্মিত হয়েছে। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে হলিউডেও নির্মিত হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে সম্প্রতি দেখা দিলো বাংলাদেশি ফেলুদা। বিখ্যাত চরিত্রটিতে অভিনয় করছেন অভিনেতা আহমেদ রুবেল। এর আগে অনবদ্য এই চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শশী কাপুর, আবির, পরমব্রত চট্টোপাধ্যায় ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম অভিনয় করেছেন। এর আগে কয়েক দফা ভারত এবং ভারত-বাংলাদেশে যৌথভাবে নির্মিত হলেও ফেলুদার গল্পে এককভাবে বাংলাদেশের নির্মাণ এবারই প্রথম। এবার নির্মিত হচ্ছে ‘নতুন রহস্য’ গল্পটি। এটি নির্মাণ করছেন তৌকীর আহমেদ। তিনি বলেন, ‘এটা খুব চ্যালেঞ্জিং কাজ। তবে আমার বিশ্বাস সবকিছু ঠিকঠাকভাবেই শেষ হবে। ৮০ মিনিটের এই সিরিজটি মোট ৩টি পর্বে দেখানো হবে। এখনো শুটিং অনেকটাই বাকি।’ গত ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন রহস্য-এর শুটিং। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্নপ্রান্তে শুটিং হচ্ছে এটির। আর এতে শুধু বাংলাদেশের অভিনয়শিল্পীরাই অভিনয় করছেন। এরইমধ্যে আহমেদ রুবেলের যে ছবিটি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায়, তিনি বইয়ের একটি শেলফে কিছু একটা খুঁজছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই মিডিয়া প্রডাকশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘ফেলুদা সিরিজের ডিজিটাল রাইটস আমরা আগেই নিয়েছিলাম। সেই অনুযায়ী এখন কাজ করছি। ধীরে ধীরে ফেলুদা সিরিজের অনেক গল্পই পর্দায় আনার ইচ্ছে আছে।’