বিনোদন ডেস্ক
২০০৩ সালে মুক্তি পাওয়া সালমান খান অভিনীত সিনেমা ‘তেরে নাম’ দেখে কাঁদেননি বা নিজের অনুভূতিটুকু অন্য কাউকে বলেননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। দর্শকদের এমন সাড়া পেয়েও পরিচালক সতীশ কৌশিক এটির সিক্যুয়েল বানাতে আগ্রহী ছিলেন না। অবশেষে ১৬ বছর পর এসে ঘোষণা দিলেন তেরে নাম ২-এর। এত দীর্ঘসময় পর কেন এই সিনেমা? উত্তরে পরিচালক বলেন, ‘সেই প্রজন্মের গল্পটা ছিল অন্যরকম, এখন গল্পের ধরন পরিবর্তিত হয়েছে। আমি তখনই চেয়েছি, ছবিটি নিয়ে কিছু করলেও নতুন কিছু করতে। এবার হাত দিয়ে দিলাম, দেখি কতটা সফল হই।’
সালমান খান ও ভূমিকা চেওলা অভিনীত এই ব্লকবাস্টার সিনেমায় রাধে ও নিরঝরা নামের দুই যুগলবন্দির এক হতে না পারার করুণ ভালোবাসার গল্প জয় করে লাখো দর্শকদের মন। দীর্ঘ ১৬ বছর পর এই সিনেমার সিক্যুয়েলে একই অভিনেতা নিয়ে পুনরায় কাজ করতে চান পরিচালক। সালমান খান সিনেমাটিতে পুনরায় অভিনয় করবেন কি-না এ বিষয়ে সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি। তবে তেরে নাম-২ রিমেকের ব্যাপারে সতীশ বদ্ধপরিকর। এরইমধ্যে সিনেমার স্ক্রিপ্টও লেখা শেষ। যেখানে মূল চরিত্রে থাকবেন নর্থ ইন্ডিয়ার একজন গ্যাংস্টার, তাঁর জীবনে ভালোবাসা কীভাবে এলো তা নিয়ে সাজানো হয়েছে সিক্যুয়েলের গল্প। পরিচালক জানান, প্রথম তেরে নাম পরবর্তী অংশ হিসেবে নয়, বরং এবারের তেরে নাম-২ সিনেমাটি তৈরি হবে একটু ভিন্নধর্মী ভালোবাসার গল্প নিয়ে।’ তবে সালমান অভিনয় করলে তার বিপরীতে কে কাজ করবেন তা এখনো নিশ্চিত নয়। কয়েকটি গণমাধ্যম বলছে, এ সময়ের ক্রেজদের মধ্য থেকে বেছে নেওয়া হতে পারে। এ দৌড়ে এগিয়ে আছেন, দীপিকা পাডুকোন, কারিনা কাপুর ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ক্যাটরিনাকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ সালমানের সঙ্গে এ সময় তাঁর সম্পর্ক বেশ ভালো।
চলতি বছরের শেষদিকে ছবির শুটিং শুরু হবে। সদ্যই ‘কাগজ’ ছবির শুটিং শেষ করেছেন সতীশ কৌশিক। শোনা যাচ্ছে, এই ছবি প্রযোজনা করছেন সালমান খান। এদিকে এই অভিনেতা এখন ‘ভারত’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। চলতি বছরের ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। এছাড়া ‘দাবাং থ্রি’ ছবির শুটিংও চলছে। তবে কবে নাগাদ তেরে নাম ২-এর অংশ হচ্ছেন সালমান, সেই উত্তর জানতে আরো অপেক্ষা করতে হবে ভক্তদের।
