সরকারি অর্থে আকাশ ভ্রমণে মন্ত্রী-এমপিসহ রাষ্ট্রের কর্মকর্তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গতকাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, যেসব গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে সেখানে এখন থেকে সরকারি অর্থে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে আবশ্যিকভাবে বিমানের ফ্লাইট ব্যবহার করতে হবে। তবে বিমানের রুট না থাকলে, অন্য এয়ারলাইন্সের সম্ভাব্য সরাসরি রুটে ভ্রমণ করা যাবে।
সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সমপর্যায়ের সকল পদধারী, সংসদ সদস্য, সাংবিধানিক পদধারী, সরকার গঠিত কমিশনসমূহের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা, মন্ত্রণালয়, বিভাগ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিধিবদ্ধ সংস্থা, করপোরেশন, সাংবিধানিক সংস্থা ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। একই সঙ্গে ২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের জারি করা বিদেশ ভ্রমণ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা বহাল থাকবে বলে ওই আদেশে জানানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
