পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নে এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে স্বামীসহ ৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নিহত গৃহবধূ মিতু খাতুনের (৩০) বাবা শামসুল প্রাং বাদী হয়ে মামলাটি দায়েরের পর নিহতের স্বামী আলীমুদ্দিন ওরফে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে খতবাড়ি গ্রামের আলীমুদ্দিন ওরফে মোহাম্মদ আলীর স্ত্রী মিতুর রহস্যজনক মৃত্যু হয়। তার গলায় আঘাতের দাগ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় বুধবার রাতে গৃহবধূ মিতুর পিতা শামসুল প্রাং বাদী হয়ে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। পুলিশ নিহতের স্বামী আলীমুদ্দিনকে আটক করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের কারণে মিতু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবর। লাশ ময়না তদন্ত হয়েছে এবং নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
