মোদি সম্পর্কে ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্য

জবাবে সন্তুষ্ট নয়, রাহুলকে আদালত অবমাননার নোটিস

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২২:০২

 

রাফাল মামলা নিয়ে কেন ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্য করা হয়েছিল, তা নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জবাবে খুশি নয় ভারতের সুপ্রিম কোর্ট। এ জন্য রাহুলকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছে দেশটির শীর্ষ আদালত। বিষয়টি নিয়ে রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন বিজেপি নেত্রী ও সাংসদ মীনাক্ষী লেখি। আগামী ৩০ এপ্রিল বিজেপি নেত্রী মীনাক্ষী লেখির করা আদালত অবমাননার মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। একই দিনে শোনা হবে রাফাল রায়ের পুনর্বিবেচনার আবেদনও।

সম্প্রতি অমেতির একটি সভায় রাফাল দুর্নীতি নিয়ে রাহুল দাবি করেছিলেন, সুপ্রিম কোর্টও নরেন্দ্র মোদীকে চোর বলেছে। এ নিয়েই আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। গত সপ্তাহে এ নিয়ে শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ জানায়, আদালত এমন মন্তব্য করেনি। রাহুলের কাছে ব্যাখ্যাও চায় কোর্ট। সোমবার আদালতে জমা দেওয়া হলফনামায় রাহুল বলেন, ‘দুর্ভাগ্যবশত সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচনী প্রচারের মধ্যে করা আমার মন্তব্য গুলিয়ে গেছে। আমি এটা একেবারেই বলতে চাইনি। তবে এর জন্য আমি দুঃখিত।’ খবর আনন্দবাজার পত্রিকার

হলফনামায় রাহুল আরো বলেন, ‘বিরোধীদের আর্জিতে বোঝানোর চেষ্টা হয়েছে, আমি ইচ্ছে করেই আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা করতে চেয়েছি। কিন্তু তেমন উদ্দেশ্য আমার ছিল না।’ রাহুলের এই দুঃখ প্রকাশে খুশি নয় সুপ্রিম কোর্ট। সে কারণেই তাকে আদালত অবমাননার নোটিস দিয়েছে শীর্ষ আদালত।