কোডার্সট্রাস্ট ও রবি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানের জন্য একসঙ্গে কাজ করবে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৩
মঙ্গলবার রবির কর্পোরেট হেড অফিসে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ফ্রিলান্সিং ট্রেনিং সেন্টার কোডার্সট্রাস্ট বাংলাদেশ এবং মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে। বাংলাদেশে  ফ্রিলান্সিং সেক্টরে দক্ষ জনশক্তি তৈরিতে কোডার্সট্রাস্ট বাংলাদেশ এবং রবি একসঙ্গে কাজ করবে। এখন থেকে কোডার্সট্রাস্টের যে কোনো অনলাইন কোর্সে ভর্তি হলেই, শিক্ষার্থীরা ইন্টারনেট মডেম এবং ৩ মাসে ৩০ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি পাবে।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যাবস্থাপনা পরিচালক এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোঃ আতাউল গনি ওসমানী। এছাড়াও স্কাইপের মাধ্যমে আমেরিকা থেকে অংশগ্রহণ করেন কোডার্সট্রাস্ট বাংলাদেশের কে-ফাউন্ডার এবং ডিরেক্টর জনাব আজিজ আহমেদ। আরো উপস্থিত ছিলেন রবির এন্টারপ্রাইজ বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট আদিল হোসেন নোবেল, ভাইস প্রেসিডেন্ট অব এন্টারপ্রাইজ বিজনেস নাজমুল হোসেন এবং কোডার্সট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে হেড অব ফিন্যান্স মিজানুর রহমান, হেড অফ ডিজিটাল মার্কেটিং শেখ সালেহউদ্দিনসহ (ড্যানিয়েল ) আরো উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
 
উল্লেখ্য, কোডার্সট্রাস্ট বাংলাদেশ ২০১৪ সালে প্রতিষ্ঠার সূচনা থেকে বাংলাদেশের তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তরুণ ও যুবকদের দক্ষ ফ্রিলান্সার হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যানসিং সেক্টরে যে বিপ্লব ঘটেছে কোডার্সট্রাস্ট তার একজন গর্বিত অংশীদার। কোডার্সট্রাস্ট বনানী, মিরপুর ও ধানমন্ডিতে- ৩টি ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করছে। এছাড়া অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে পারে।
 
অনলাইন প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হল ইন্টারনেট কানেক্টিভিটি এবং দ্রুত গতির ইন্টারনেট। এই বিষয়টি বিবেচনা করেই বিশেষায়িত ইন্টারনেট প্যাকেজ এবং মডেম এর মাধ্যমে এই সমস্যা দূরীকরণে এখন থেকে একযোগে কাজ করবে কোডার্সট্রাস্ট বাংলাদেশ এবং রবি। 
 
এছাড়াও দেশব্যাপী ফ্রিল্যান্সিংকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে এবং সর্বস্তরে পৌঁছে দিতে কোডার্সট্রাস্ট ও রবি একসঙ্গে আরও বিভিন্ন ধরণের সেবা নিয়ে আসবে।
 
ইত্তেফাক/নূহু