দু’দিনব্যাপী রবীন্দ্র উত্সব শুরু কাল

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:০৮

ইত্তেফাক রিপোর্ট

আগামীকাল মঙ্গলবার রাজধানীতে শুরু হচ্ছে দু’দিনব্যাপী রবীন্দ্র উত্সব। রবীন্দ্র একাডেমি এই উত্সবের আয়োজন করছে। বাংলাদেশ ও ভারতের রবীন্দ্র বিশেষজ্ঞরা এই উত্সবে অংশ নেবেন।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে মঙ্গলবার বিকাল চারটায় উত্সবের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধনী দিনে রবীন্দ্র সংগীত শিল্পী ফাহমিদা খাতুনকে সম্মাননা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহম্মদ সামাদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রবীন্দ্র একাডেমির সভাপতি আজিজুর রহমান আজিজ। উত্সবের দ্বিতীয় দিন বুধবার প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আখতারুজ্জামান।

দুদিনের অনুষ্ঠানমালায় রয়েছে বেশ কয়েকটি রবীন্দ্রনাথ বিষয়ক সেমিনার, রবীন্দ্র সংগীত পরিবেশনা, নৃত্যানুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। দু’দিনের সেমিনারের বিষয়গুলো হচ্ছে রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথ ও ইংরেজি ভাষা, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, মানবতাবাদী কর্মসেবী রবীন্দ্রনাথ এবং বিশ্বশান্তি ও রবীন্দ্রনাথ।