ঢাবির সঠিক মূল্যায়ন না পাওয়ার অভিযোগ দিনভর অধিভুক্ত সাতটি কলেজ শিক্ষার্থীর বিক্ষোভ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২২:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। এ অভিযোগে গতকাল মঙ্গলবার দিনব্যাপী মানববন্ধন এবং নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ঢাবি প্রশাসনের বিরুদ্ধে সময়মতো পরীক্ষা না নেওয়া, রেজাল্ট প্রকাশে বিলম্ব করা, বিনা নোটিশে নতুন নিয়ম কার্যকর, একই বিষয়ে গণহারে ফেল, খাতার সঠিক মূল্যায়ন না হওয়া, সিলেবাসবহির্ভূত প্রশ্নপদ্ধতির অভিযোগ করেন। এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালীন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুর রহিম ঢাবির পক্ষ থেকে সেখানে গিয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিলেও তারা ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাক্ষাত্ চান।  জানা যায়, এদিন বেলা ১১টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা কলেজের সামনে মানববন্ধন করে সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে এই মানববন্ধন করেন তারা। একপর্যায়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ দফার মধ্যে রয়েছে— পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটি মুক্ত ফলাফল প্রকাশসহ ২০১২-১৩ শিক্ষাবর্ষের ২০১৬ সালের অনার্স চতুর্থ বর্ষ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২০১৭ সালের অনার্স দ্বিতীয় বর্ষের লিখিত পরীক্ষাসহ সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করা; ডিগ্রি, অনার্স, মাস্টার্স সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনর্মূল্যায়ন করা; সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন; প্রতিমাসে প্রত্যেকটা বিভাগে প্রতি কলেজে দুইদিন করে মোট ১৪ দিন ঢাবির শিক্ষকদের ক্লাস নেওয়া; সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা। এসময় আন্দোলনকারীরা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।