সৌম্য সরকারের ডাবল সেঞ্চুরি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২২:৩৩

স্পোর্টস রিপোর্টার

২০১৭ সালে এই কীর্তির খুব কাছে চলে গিয়েছিলেন রকিবুল হাসান। তিনি আউট হয়েছিলেন ১৯০ রান করে। কিন্তু গতকাল আর সুযোগ নষ্ট করেননি আবাহনীর ওপেনার সৌম্য সরকার। শেখ জামাল       ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলেছেন ২০৮ রানের অপরাজিত ইনিংস। এ ইনিংস খেলার পর সৌম্য সরকার বলেছেন, বিশ্বকাপের আগে এমন একটা ইনিংস তাকে আরো আত্মবিশ্বাস দেবে।

এই ইনিংস খেলার ভেতর দিয়ে লিস্ট-এ বা ৫০ ওভারের আইসিসি স্বীকৃত ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা বাংলাদেশি ব্যাটসম্যান হলেন সৌম্য সরকার। এই ইনিংসে ১৬টি ছক্কা মেরেছেন সৌম্য সরকার। বাংলাদেশি ব্যাটসম্যানদের লিস্ট-এ ক্রিকেটে এটাই এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড।

আবাহনীকে লিগ শিরোপা জিততে হলে গতকাল শেষ ম্যাচ জিততেই হতো। তাদের সামনে ৩১৮ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় শেখ জামাল। জবাবে বিনা উইকেটে ৩১২ রান তোলে আবাহনী। সৌম্যর ডাবল সেঞ্চুরির পাশে সেঞ্চুরি করেন আরেক ওপেনার জহুরুল ইসলাম অমি। প্রথম উইকেট জুটিতে তোলা এই ৩১২ রান লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেট জুটির সর্বোচ্চ রান। উদ্বোধনী জুটিতে আগের রেকর্ড ছিল গত বছর আবাহনীর হয়েই এনামুল হক ও নাজমুল হোসেন শান্তর ২৩৬ রান।

সব জুটি মিলিয়ে রেকর্ডটি ছিল এক যুগ পুরনো। ২০০৭ সালে জাতীয় লিগের ওয়ানডে সংস্করণে রাজশাহী বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগের হয়ে ২৯০ রানের জুটি গড়েছিলেন মাহবুবুল করিম ও ধীমান ঘোষ।

ব্যক্তিগতভাবে সৌম্য ১৫৩ বলে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এটাই ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০১৭ সালে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন মোহামেডানের হয়ে রকিবুল। গতকাল এই ইনিংস খেলার পথে সৌম্য ১৬টি ছক্কা মারেন।  এক ইনিংসে এর আগে লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশে সর্বোচ্চ ১১টি ছক্কার রেকর্ড ছিল ৩ জনের। মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার ও সাইফ হাসান ১১টি ছক্কার মালিক ছিলেন।  এই ইনিংস খেলার পর সৌম্য সরকার বলেছেন, বিশ্বকাপের আগে এটা তার আত্মবিশ্বাসকে শক্তি জোগাবে, ‘প্রিমিয়ার লিগে লম্বা একটা সময় ভালো রান করতে পারিনি। এই শেষ দিকে এসে দুটো বড়ো ইনিংস খেললাম। এটা আমার আত্মবিশ্বাস বাড়ানোয় কাজ করবে। বিশ্বকাপে ও আয়ারল্যান্ড সিরিজে এ পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করব।’