ইত্তেফাক রিপোর্ট
হাইকোর্ট বলেছেন, নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্ত সঠিক পথেই এগুচ্ছে। তদন্তে সরকারের কোনো অবহেলা দেখছি না। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি মনিটরিং করছেন। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন।
রিটকারী আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, পিবিআইয়ের তদন্ত যেহেতু সঠিক পথে এগুচ্ছে ফলে এ অবস্থায় আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। যাতে তদন্তে কোনো ব্যাঘাত না ঘটে। আদালত আরো বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পর জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হয়ত কিছুদিনের মধ্যেই তদন্ত রিপোর্ট আদালতে দাখিল হবে। এরপর হাইকোর্ট রিট আবেদনের শুনানি রবিবার পর্যন্ত মুলতুবি করেন। এ সময়ের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি আদালতকে অবহিত করতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশারকে নির্দেশ দেন আদালত। রাফি হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।
