গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় থমকে গেছে সড়ক নির্মাণ কাজ। সরকার এ উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছে।
এরই ধারাবাহিকতায় শোভাগঞ্জ বাজারের চৌরাস্তা হতে গণসার হাট পর্যন্ত ২.৯০ কি.মি. রাস্তা নির্মাণের জন্য ২ কোটি ৭১ লাখ ২০ হাজার ৬’শ ৮৪ টাকা ৮২ পয়সা বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রকৌশলী বরাদ্দকৃত অর্থের বিপরীতে টেন্ডার আহ্বান করলে ঠিকেদারি প্রতিষ্ঠান মো. খাদেমুল ইসলাম জুয়েল (গাইবান্ধা) কার্যাদেশ পায়। রাস্তাটির নির্মাণ কাজ শুরু করলে ৫০ ভাগ কাজ কাছাকাছি পৌছায়। এদিকে রাস্তাটির শোভাগঞ্জ বাজার সংলগ্ন চৌরাস্তার মোড়ে পল্লী বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের খুঁটি থাকায় রাস্তাটির নির্মাণ কাজ থমকে গেছে।
এ নিয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুরের সঙ্গে কথা হলে তিনি জানান, খুঁটি ২টি স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফা আবেদন করলেও তা কাজে আসছে না। ফলে নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে।
পল্লী বিদ্যুতের সুন্দরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আবু সোলায়মান জানান, খুঁটি ২টি স্থানান্তরের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/জেডএইচ
