সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী হাত বাড়িয়ে দেওয়ায় বিএনপি নেতাদের শোকরানা নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
তিনি বলেন, বিকল্প ধারা নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার অপরাধে বিএনপির হামলা থেকে সেদিন হোন্ডায় চড়ে তিনি পালাতে না পারলে আজ হয়তো বিএনপি তাকে পেত না। বিএনপি এখন সেই বদরুদ্দোজার হাত ধরে উপরে উঠে আসার চেষ্টা করছে। তাই বিএনপির উচিত বেশি বেশি শোকরানা নামাজ আদায় করা।
রবিবার জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন শামীম ওসমান। এর আগে জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
শামীম ওসমান বলেন, এদেশের কিছু ‘ডক্টর-ফক্টর’ আছেন যারা স্বপ্ন দেখছেন দেশে নতুন কিছু ঘটবে। এরা দেশের মাটিতে বসে বিদেশে ষড়যন্ত্র করছে, সরকার ও দেশের বিরুদ্ধে খেলতে চাচ্ছে।
তাদের বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না এমন প্রশ্ন রেখে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এসব ষড়যন্ত্র সমূলে উৎপাটন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর এমপি, নারায়ণগঞ্জ -২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
