মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০০:২৯

নিরাপদ সড়কের দাবি এবং সড়ক দুর্ঘটনায় এক পরিবহন শ্রমিকের নিহতের প্রতিবাদে মঙ্গলবার ঢাকা-পাটুরিয়া মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট সংলগ্ন এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন সাবেক শিবালয় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া সুলতানা রুকু, জেলা পরিষদের সদস্য আজম খান, আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান খান মাসুম, সাবেক চেয়ারম্যান শুকুর আলী শিকদার,  নালী-বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্তাজ উদ্দিন ও নিহত আজাদ তালুকদারের পরিবারের সদস্যরা।

বক্তারা শ্রমিক নেতা আজাদ তালুকদারের ঘাতক কাভার্ডভ্যানের চালক ও মালিককে আটক করে বিচারের আওতায় আনতে হবে এবং মহাসড়কের আরসিএল মোড়, চরের ডাঙ্গাসহ কয়েকটি স্থানে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণ করতে হবে। কেননা এসব জায়গায় গতিরোধক না থাকার কারণে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। মানববন্ধন শুরু হয় সকাল ১১টায়। এতে অংশ নেন নালী-বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পাটুরিয়া ঘাট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় নারী-পুরুষ। উল্লেখ্য, রবিবার ভোরে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের কাছে চরের ডাঙ্গা এলাকায় কাভার্ডভ্যান চাপায় নিহত হন আজাদ তালুকদার (৫৫)।