শ্রীপুরে দুইটি মামলায় পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ২৬

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০০:৩০

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর, শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগ নেতা শাজাহান মন্ডলকে গাজীপুরের গোয়েন্দা পুলিশ দুটি মামলায় গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে গোয়েন্দা বিভাগের ৩টি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাজাহান মন্ডল পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের মৃত আছর আলী মন্ডলের ছেলে। পুলিশ জানায়, কাউন্সিলর শাজাহান মন্ডল একাধিক মামলার পলাতক আসামি। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আফজাল হোসেন জানান, উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সময়ে উজিলাব গ্রামের একটি কারখানার সামনে দোকান ভাঙচুরের মামলার প্রধান আসামি এবং একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্সিলরের ভাই জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল জানান, আমার ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এছাড়া গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, নারী নির্যাতন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ২৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। শ্রীপুর থানার ওসি (তদন্ত) শেখ সাদি ও ওসি (অপারেশন) আবুল কালামের নেতৃত্বে সোমবার রাতভর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

এদিকে সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা নজরুল ইসলাম ওরফে ছোট নজরুল গ্রেফতার হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। মডার্ণ গ্রুপ অব কোম্পানী নামে একটি কোম্পানীর ল্যান্ড এক্সিকিউটিভ আজমত আলী সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার। নারায়ণগঞ্জ জেলা ডিবির পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁওয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে অপহরণ

ও চাঁদাবাজির অভিযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার ও অফিস সহকারীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় সোনারগাঁও থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর গতকাল মঙ্গলবার বিকালে অপহূতদের উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু মোবাইল ফোনে জানান, এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। সোহাগ রনি নিজেই নাটক সাজিয়ে আমাকে ফাঁসাতে চাইছে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, অপহরণের বিষয়ে একটি অভিযোগ নেওয়া হয়েছে।