বৃত্তি ও দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশের জন্য নেদারলান্ডের ১১ মিলিয়ন ইউরো বরাদ্দ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৩
পরবর্তী পাঁচ বছরে (২০১৮-২০২২) বৃত্তি প্রদান এবং অন্যান্য দক্ষতা বৃদ্ধি কার্যক্রমে বাংলাদেশের জন্য ১১ মিলিয়ন আর্থিক সহায়তার বরাদ্দ রেখেছে নেদারল্যান্ড।
 
নাফিক (Nuffic) -এর গ্লোবাল ডেভেলপমেন্ট ম্যানেজার ভিক্টর রুতগারস নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালের সঙ্গে বৈঠকে উক্ত বরাদ্দের নিশ্চয়তা প্রদান করেন। ভিক্টর রুতগারস আশ্বস্ত করেন, তাদের বৈশ্বিক কার্যক্রমে ৫০টি দেশের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ অন্যতম। নাফিক নেদারল্যান্ডে পড়াশুনা করার জন্য বৃত্তি প্রদান এবং বিভিন্ন দেশে একাডেমিক ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনাকারী ডাচ প্রতিষ্ঠান।
 
বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং মানব উন্নয়নে টেকসই ডাচ জ্ঞান এবং অভিজ্ঞতা সহায়তার উপর রাষ্ট্রদূত বেলাল গুরুত্ব আরোপ করেন। রুতগারস আশ্বাস প্রদান করেন যে, বাংলাদেশে তাদের নিয়মিত কার্যক্রমের (খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা, উপকূলীয় ব্যবস্থাপনা, সমুদ্র ব্যবস্থাপনা/উন্নয়ন এবং স্বাস্থ্য) পাশাপাশি বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করবে।   
 
বৈঠকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় এবং উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিতে রাষ্ট্রদূত বেলাল আরো অধিক সহায়তার আহ্বান জানান। পানি বিষয়ক কূটনীতি, নীল অর্থনীতি, কৃষি এবং গ্রিনহাউস চাষাবাদ, ছাদ ভিত্তিক কৃষি, বনায়ন, মৎস্য চাষ, সার্কুলার টেক্সটাইল, পাট এবং পাটজাত পণ্যের উন্নয়ন, আইন এবং আইনী প্রতিষ্ঠান উন্নয়ন ইত্যাদি ক্ষেত্র বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
 
নেদারল্যান্ড প্রতিনিয়ত বাংলাদেশি ছাত্র/ছাত্রীদের উচ্চ শিক্ষার আকর্ষণীয় দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। তুলনামূলকভাবে মানসম্পন্ন (ইংরেজিতে) শিক্ষা, টিউশন ফি, বৃত্তিপ্রাপ্ত এবং এক্সচেঞ্জ ব্যবস্থায় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। নেদারল্যান্ডের দি হেগস্থ বাংলাদেশ দূতাবাস দু’দেশের মধ্যে এই প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরো জোরদারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি