শ্রীনগরে প্রতিপক্ষের হাতুড়ি পিটুনিতে স্কুলছাত্র নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০০:৩০

মুন্সীগঞ্জের শ্রীনগরে হাতুড়ি পিটুনিতে মো. রিফাত দেওয়ান (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সোমবার রাতে হাতুড়ি পিটুনিতে গুরুতর আহত রিফাতকে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে মারা যায়। নিহত রিফাত শ্রীনগর উপজেলা সিধারপুর গ্রামের মো. নিজাম দেওয়ানের পুত্র।

বাড়ৈখালি উচ্চ বিদ্যালয়ের ছাত্র রিফাতের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় ঐ এলাকায় অর্ধশতাধিক বাড়িঘর ও দোকান ভাঙচুর করেছে এলাকাবাসী। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে ঘটনার পরপরই সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গত ১৩ এপ্রিল সিরাজদিখান উপজেলার শেখেরনগর এলাকায় রিফাত ও তার বন্ধুদের সাথে পার্শ্ববর্তী সিধারপুর এলাকার রাহুল নামে অপর এক কিশোর ও তার সহযোগীদের তর্কাতর্কি ও হাতাহাতি হয়।

বিষয়টি মীমাংসায় রিফাত ও রাহুল তার বন্ধুদের নিয়ে সোমবার রাতে সিধারপুর ব্রিজে আসে। এসময় তাদের মধ্যে আবারো তর্কবিতর্কের এক পর্যায়ে রাহুল গ্রুপের একজন হাতুড়ি দিয়ে রিফাতের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থল থেকে তাকে ঢাকা বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।