নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় ধাপে শীতলক্ষ্যার পশ্চিম তীরে চনপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কতৃর্পক্ষ। মঙ্গলবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপ্তীময়ী জামানের নেতৃত্বে কর্তৃপক্ষের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী ও উপ-পরিচালক মো. শহীদুল্লাহর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিআইডব্লিউটিএ’র জাহাজ অগ্রপথিক, একটি টাগ বোট, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক উচ্ছেদকর্মী উপস্থিত ছিলেন। দুপুর দুইটা পর্যন্ত অভিযানে পাকা ও আধাপাকা বসতবাড়িসহ অন্তত ত্রিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী জানান, ১০ দিনের উচ্ছেদ অভিযান কর্মসূচির প্রথম ধাপে তিন দিনের অভিযানে সুলতানা কামাল সেতুর পূর্বপাড় থেকে পশ্চিমপাড়ে চনপাড়া এলাকা পর্যন্ত দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে পুনরায় চনপাড়া থেকে অভিযান শুরু হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন, ভূমি কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ’র যৌথ সমন্বয়ে নদীর সীমানা সংক্রান্ত পুন:জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। সে আলোকে পুনরায় সীমানা পিলার স্থাপন করতে নদীর জায়গা দখলমুক্ত করা হচ্ছে।
