ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে চিটাগং গার্মেন্টস কারখানার শ্রমিকরা। গতকাল রবিবার দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কসহ আশপাশের সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। কচুক্ষেত থেকে মিরপুরসহ বিভিন্ন এলাকাগামী ও ভাষানটেক থেকে মিরপুর ১০ নম্বরসহ বিভিন্ন স্থানে সব ধরনের যানবাহন আটকে যায়। পুরো এলাকা স্থবির হয়ে যায়। দুর্ভোগ পোহান ওই এলাকার মানুষ।
ভাষানটেক থানার ওসি সাব্বির হোসেন জানান, রবিবার কারখানাটির বেতন দেওয়ার কথা ছিল। এজন্য সকালে শ্রমিকরা কারখানায় গেলে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। তখন শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে এবং সড়ক অবরোধ করে।
