ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার অভিযোগে দায়ের হওয়া আইসিটি মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের ৮ সপ্তাহের জামিন শেষে সোমবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেনের আদালতে আসমর্পণ করে জামিন আবেদন করেন মাইদুল। শুনানি শেষে আদালত সেটা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী দুলাল লাল ভৌমিক।
দুলাল লাল জানান, গত ৬ আগস্ট বিচারপতি ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ তাকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। এরপর উচ্চ আদালতের আদেশে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। সোমবার আমরা জামিন আবেদন করেছি। কিন্তু শুনানি শেষে আদালত সেটা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম আয়াজ।
ইত্তেফাক/নূহু
