সাভারে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত ওই নারীর নাম আক্তারা বেগম (২৮)। ঘটনার পর থেকে অভিযুক্ত মফিজুল হোসেন পলাতক রয়েছে। সোমবার রাতে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার একটি পরিত্যক্ত খোলা মাঠ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। নিহত আক্তারা দিনাজপুর জেলার পাবর্তীপুর থানার হাতিপাড়া গ্রামের মফিজুল হোসেনের স্ত্রী। সে সাভারের চাপাইন লালটেক এলাকায় স্বামীর সাথে ভাড়া থেকে রেডিওকলোনী এলাকার একটি পোশাক কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতো বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার এসআই মো. নাজমুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী মফিজুল তাকে হত্যা করে পালিয়েছে। সাভার মডেল থানায় মামলা হয়েছে। পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
