ঢাকায় বিএনপির ২৭ সেপ্টেম্বরের জনসভায় যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবারের সমাবেশে তাদের দলীয় ৭ দফা দাবি ও ১২ দফা লক্ষ্য উপস্থাপন করবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সূত্রে একথা জানা গেছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় জনসভা করার ঘোষণা দিয়েছে। পুলিশের অনুমতি সাপেক্ষে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা করতে চায় দলটি।
দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
