১ অক্টোবর আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৭
সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ১ অক্টোবর সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
 
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজ মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা বর্তমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১ অক্টোবর সোমবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মুল ভবনের ভেতরের লনে এটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
 
নিয়ম অনুযায়ী সুপ্রিমকোর্টে প্রতি অবকাশের পর প্রধান বিচারপতি আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, এটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সব আইনজীবীদের সৌজন্য অনুষ্টিত সাক্ষাৎ হয়।
 
গত ১৬ আগস্ট থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ-উল আযহার ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশের কারণে দেড় মাস সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন। 
 
এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়েছে। এসব বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করছে।
 
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম আগামী ১ অক্টোবর যথারীতি শুরু হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে