রাউজানে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক ইভটিজারকে দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ২৫ শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের রাউজান আর্য্য মৈত্রেয় ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। দণ্ডাদেশপ্রাপ্ত যুবক রাউজান ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের খলিলাবাদ এলাকার মো. ইসহাকের পুত্র মো. ইয়াকুব (৩৬)।
রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম. জসিম উদ্দিন হিরু দৈনিক ইত্তেফাককে বলেন, রাউজান আর্য্য মৈত্রেয় ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির এক ছাত্রী স্কুল হতে ফেরার পথে ইয়াকুব নামের এক যুবক তার পথ আগলিয়ে শারিরীকভাবে উত্যক্ত করার চেষ্টা করে। এই সময় ছাত্রীটির চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়ে ঐ যুবককে আটক করে আমাকে খবর দেয়। আমি আটককৃত যুবককে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রেরণ করি।
উপজেলা পরিষদের পেশকার সমীর চক্রবর্তী দৈনিক ইত্তেফাককে বলেন, ইভটিজারের দায়ে ইয়াকুর নামের এক যুবককে তিনমাস বিনাশ্রম কারাদণ্ডসহ দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে পনের দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ইত্তেফাক/নূহু
